“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় এম.এন কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় শিল্প ও বাণিজ্যের প্রসার এবং সংগঠনের আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য মো. আব্দুল করিম।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক মো. সেলিম রেজা, আইবিডব্লিউএফ রংপুর জোনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমিন, উপদেষ্টা ডা. আ. রহিম সরকার এবং নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেন। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সহজ শর্তে ও স্বল্প মূলধনে নতুন উদ্যোক্তাদের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করা গেলে স্থানীয় শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব। এ জন্য তরুণ ও নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসার পাশাপাশি তাদের সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। স্বল্প পুঁজিতে ছোট পরিসরে ব্যবসা শুরু করে ধীরে ধীরে তা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নতুন উদ্যোক্তা তৈরির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মীর্জা শহিদুল ইসলাম মুরাদ।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে গাইবান্ধার শিল্প ও বাণিজ্য খাতকে আরও গতিশীল করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


