কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ১৪৩ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশ পত্রে ভুলে পরীক্ষায় অংশগ্রহণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। উৎকণ্ঠার মধ্যে আছে এসব পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের পরীক্ষার্থীরা জানান, সোমবার প্রবেশপত্র তুলতে গিয়ে দেখেন, কারো মা আবার কারো বাবার নাম ভুল, কোথাও ছেলে শিক্ষার্থীর জায়গায় মেয়ে শিক্ষার্থীর ছবি, আবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর প্রবেশপত্রে মানবিক বিভাগ উল্লেখ রয়েছে। এমনকি কিছু শিক্ষার্থী এখনো প্রবেশপত্রই পায়নি।

ওই বিদ্যালয়ের ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ১৪৩ জনের প্রবেশপত্রে এ ধরনের ভুল ধরা পড়েছে। এ নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার শিক্ষকদের সম্পৃক্ত না করে স্কুলের বাইরে কম্পিউটার দোকান থেকে কাজ করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সরকার বলেন, এটি সার্ভারের সমস্যা তবে পরীক্ষায় অংশ গ্রহনে শিক্ষার্থীদের সমস্যা হবে না।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, এটি আমাদের কাজ না। তার পরেও খোঁজ নিয়ে আমি জেনেছি এটি বোর্ডের সার্ভারের ভুল হতে পারে। পরীক্ষায় অংশ গ্রহনে সমস্যা হবে না।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে অনেকের সমস্যার সমাধান হয়েছে বলে জেনেছি, যে কয়েক জনের এরকম ভুল রয়েছে তাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে না।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...