লাঠি হাতে বিএসএফকে রুখে দিলেন বাংলাদেশি কৃষকরা

লাঠি হাতে বিএসএফকে রুখে দিলেন বাংলাদেশি কৃষকরা

লালমনিরহাটে কৃষকদের তাড়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা গুলি ও বোমা নিক্ষেপ করে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে উপজেলার বুড়িমারী সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা চালান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকরা একত্রিত হন এবং লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, এসময় বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ও বোমা নিক্ষেপ করেন। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন