গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুন খান (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ।
জানা গেছে, শনিবার ইফতারের আগে ছাত্রদল নেতা মামুন খান গোবিন্দগঞ্জ শহরে আসার সময় খানাবাড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মুতাসিম ফুয়াদ হৃদয়ের নেতৃত্বে ১০-১২ হামলা চালায়। এতে মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত হৃদয়ের ছোট ভাই রিলাক্সকে (২৩) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিলাক্স পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মাহাবুবর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সন্ত্রাসী হৃদয়সহ তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

