রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে ‘দোলনচাঁপা’ আন্তনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা ৭টায় বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী ‘দোলনচাঁপা’ আন্তনগর ট্রেনটি সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে এর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। ট্রেনের যাত্রীরা বাধ্য হয়ে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে এতে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দিয়েছিল এবং অনেক শব্দ হচ্ছিল। পরে বদরগঞ্জ স্টেশনে এসে চার নম্বর বগির মাঝামাঝি অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়।’
অন্যদিকে, স্টেশনের আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ কয়েকজন যাত্রী এর জন্য চালককে দায়ী করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ও গার্ডকে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে নিরাপদ চলে যান।
এ বিষয়ে বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, ‘লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

