দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা চরম বিপাকে পড়েছেন।
সোমবার সকালে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ব্লু ইউনিটে মিড-লেভেল চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা হামলার শিকার হয়েছেন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের সাহায্যে এগিয়ে আসা মেডিকেল শিক্ষার্থী ও অন্যান্য চিকিৎসকদের ওপর পুলিশের সামনেই পুনরায় হামলা চালান রোগীর স্বজনরা। এই হামলায় ৫-৬ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন।
এ ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৬ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দৃশ্যমানভাবে নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা, রোগীপ্রতি একজনের বেশি স্বজন প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিজিটর কার্ড চালু, হাসপাতালে ইউনিটভিত্তিক সর্বক্ষণ পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত আর্মড আনসার ও পুলিশ সদস্য মোতায়েন এবং পুলিশ বক্স স্থাপন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইমার্জেন্সি সাইরেন ও সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরা নিশ্চিতকরণ এবং নবম পে-স্কেল অনুপাতে বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে মন্ত্রণালয়কে অবহিত করা।
এ ছাড়া মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ইন্টার্ন চিকিৎসকরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

