দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মনে করতো হিন্দু ধর্মাবলম্বী মানে আওয়ামী লীগ। হিন্দুদের তারা পৈতৃক সম্পত্তি মনো করতো। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম গতকাল এ মন্তব্য করেন।
তিনি বলেন, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পত্তি না, এ দেশের সম্পত্তি। আপনাদের বাবার সম্পত্তিতে যেমন ভাই-বোন সকলের অধিকার রয়েছে, এ দেশটিতেও আপনার আমার সকলের অধিকার
আছে। তাই আপনারা ভয় করবেন না, আপনারা তো এদেশেরই সন্তান, এ দেশের সম্পত্তি। আপনাদের পাশে বিএনপি ছিল, আছে, আজীবন থাকবে। তাই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় সকল ধর্ম বর্ণসহ ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তার ঘোষণা দিয়েছেন।
সোমবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্মশানবাজার কেন্দ্রীয় মন্দির চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিলকিস ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের নিশিরাতের ভোটে এমপি হয়ে এলাকার কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট, সামাজিক, আর্থিক, যোগাযোগসহ সকল সেক্টর নষ্ট করেছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা দেশে গণতন্ত্র ফিরে দিতে ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। অবাধ, সুষ্ঠু ও
নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাপূর্বক ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করা হবে ইনশাআল্লাহ।
বিলকিস ইসলাম আরও বলেন, আমি এমপি থাকার আগে এখানে নারী শিক্ষার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি তা করেছি। রাস্তাঘাট করে দিয়েছি। আগামীতে এখানে পৌরসভা স্থাপন করা হবে। শুনেছি কর্মসংস্থান না থাকায় যুব সমাজ বিপদগামী হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করে তাদের বিপদ থেকে ফিরিয়ে আনা হবে।
ইতোমধ্যে জামায়াতে ইসলামী সৈয়দপুর থেকে তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে। আমি আশাবাদী কিশোরগঞ্জ থেকে আমাকে বিএনপি মনোনয়ন দেবে। আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে চাই। আমি এমপি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে আছি এবং থাকবো।
কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল কুমার রায়ের সভাপতিত্বে ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভাটি হয়। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রভাস চন্দ্র, শিক্ষক দিনেশ চন্দ্র, শিক্ষক ও প্রকৌশলী প্রতাপ চন্দ্র প্রমুখ। উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল হক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোখসানা আফরোজ সাথী, ডা. গোলাম মওলা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

