নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১-এ ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে আটক করে পুলিশ।
এ সময় জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, ওই ব্যাগে গার্মেন্টস ব্যবসার ৫০ লাখেরও বেশি টাকা আছে। টাকাগুলো বৈধ হওয়ায় শাহজালাল বিমান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ওই টাকাভর্তি ব্যাগ নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদ দাস জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপরই বলা যাবে, তার প্রকৃত শারীরিক অবস্থা।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আজহারুল ইসলাম জানিয়েছেন, বেলাল উদ্দিন এখনো শঙ্কামুক্ত নন। সন্ধ্যা সাড়ে ৭টার পরে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি এখন সিসিইউতে রয়েছেন।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাপ্ত টাকা এবং উপস্থাপিত নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

