রংপুরের পীরগাছা উপজেলায় কৃষক প্রশিক্ষণ পার্টনার কংগ্রেস ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, সরকার কৃষি উৎপাদন ব্যবস্থা সুরক্ষিত করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু পণ্য উৎপাদন বৃদ্ধি করলেই কি আমাদের দায়িত্ব শেষ? শুধু পণ্য উৎপাদন করলেই হবেনা, উৎপাদিত পণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ ভোক্তাদের ভোগের নিশ্চয়তাও দিতে হবে। এ জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় বলেন, আমাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সমস্যার সমাধান কৃষক চাষিদের হাতেই। কৃষক সচেতন নাহলে উৎপাদন বৃদ্ধির ফলাফল অংশীদারত্বমূলক হবে না। সেক্ষেত্রে কৃষি আমাদের দেশে অলাভজনক পেশা হিসেবে থেকেই যাবে। যেমন এবছর আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। কারণ আন্তর্জাতিক বাজারে আলু, টমেটো, বেগুন, ফুল কপি, বাধাকপিসহ অন্যান্য কৃষি পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও আমরা দিতে পারছি না কেন না আমাদের উৎপাদিত কৃষি পণ্যের গ্রেড/ মান নাই।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যোন) কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মুকিত বিন লিয়াকত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

