নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর ঘটনায় দগ্ধ বৃদ্ধের মৃত্যুতে মামলা না নেওয়ায় লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার উপজেলার শত শত মানুষ লাশ নিয়ে সৈয়দপুর থানায় প্রবেশ করেন। তাদের অভিযোগ, তিন দিন ধরে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। ঘটনাটি আপস-মীমাংসার জন্য চাপ দিচ্ছে প্রশাসন। বাধ্য হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা।
এসময় তারা সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা ওসির অপসারণ দাবি করেন।
জানা গেছে, বুধবার ভোররাতে উপজেলার কাচারীপাড়ায় দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে আগুন দেয়। আগুনে আফাজ উদ্দিন দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে একই দিন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন পর তিনি মারা যান।
নিহতের ছোট ছেলে আবু বকর সিদ্দিক অভিযোগ করে বলেন, এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুস সালাম চঞ্চলের সঙ্গে তাদের বিরোধ ছিল।
অভিযোগের বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তাদের ভাষ্য, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই এবং এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

