সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মাঝে মোট ৮ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এ সহায়তা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

একই দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মাঝে সরকারিভাবে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার (রেজা), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ শেষে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ আর্থিক সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন