বিরল সীমান্তে ১৩ জনকে পুশ ইন করল বিএসএফ

বিরল সীমান্তে ১৩ জনকে পুশ ইন করল বিএসএফ

দিনাজপুরের বিরলে ১৩ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বিএসএফের পুশ ইন করা ব্যক্তিরা হলেন- নাটোরের লালপুরের লালপুর গ্রামের হাসেম খাঁর ছেলে বাবু খাঁ, মেয়ে পারভিন, একই এলাকার দানেশ খাঁর মেয়ে আসমা, ধুনাই সদাগরের মেয়ে বেহলা, আকবর মণ্ডলের মেয়ে ফিরোজা, পাবনা সদরের আশতসুর গ্রামের মোহনা, একই এলাকার মহোরগ সেখের মেয়ে ফাতেমা, ঢাকার জুরাইনের বাগিচা এলাকার পান্না, একই এলাকার বশিরের মেয়ে শামিরা খান, ঝালকাঠির দিয়াকুল গ্রামের বজরুক আলীর মেয়ে রিনা, শরীয়তপুর সদর উপজেলার দামচি মাঝিবাড়ী গ্রামের বুজরুক আলী মোল্লা ও একই এলাকার কাদের মাঝির মেয়ে ফুলজান।

বিজ্ঞাপন

বিএসএফের পুশ ইন করা ব্যক্তিদের আটক করেন স্থানীয় গ্রামবাসী। তারা আটক ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেন। পরে তাদের এনায়েতপুর সীমান্ত ফাঁড়িতে রাখা হয়।

বিজিবির এনায়েতপুর বিওপির কমান্ডার সুবেদার ঠান্ডু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ ১৩ জনকে পুশ ইন করার পর স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। তাদের আটক করে বিওপিতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন