মায়ের দীর্ঘদিনের শখ ও ইচ্ছে পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব মিয়া (২৫) নামের এক যুবক। শুক্রবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই এলাকার হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে এই ব্যতিক্রমী বরযাত্রা শুরু হয়।
বায়ের এমন অভিনব ও রাজকীয় আয়োজন দেখতে পথের দুই পাশে ভিড় জমান শত শত উৎসুক জনতা। অনেকে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন।
বর সাকিব মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। আর কনে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার। এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে।
এলাকাবাসী জানান, মায়ের প্রতি ছেলের অগাধ ভালোবাসা ও মায়ের শখ পূরণের জন্যই এই ব্যতিক্রমী আয়োজন করেন সাকিব। শুক্রবার ধাপেরহাটে এই হাতির পিঠের বরযাত্রাটি ছিল দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু।
বর সাকিব মিয়া বলেন, বিয়ে মানুষের জীবনের একটি বিশেষ দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি আমার মায়ের দীর্ঘদিনের একটি শখ পূরণ করতে চেয়েছি। আপনারা সবাই আমার মায়ের জন্য এবং আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।
এ বিষয়ে স্থানীয় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন বলেন, মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে সাকিবের বিয়ে করতে যাওয়ার বিষয়টি আমাদের এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি সবার নজর কেড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

