বসতির পাশে টায়ার কারখানা, কালো ধোঁয়ায় অতিষ্ঠ পীরগঞ্জ

বসতির পাশে টায়ার কারখানা, কালো ধোঁয়ায় অতিষ্ঠ পীরগঞ্জ
ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জে ঘনবসতিপূর্ণ এলাকায় পুরোনো টায়ার ও রাবারজাত বর্জ্য পোড়ানোর অভিযোগ উঠেছে। উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে কৃষিজমির ওপর স্থাপিত ‘মেসার্স মণ্ডল প্লাস্টিক অ্যান্ড রাবার ফুয়েল প্ল্যান্ট’নামের কারখানা থেকে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কারখানায় পুরোনো গাড়ির টায়ার আগুনে গলিয়ে কালো তেল ও কালি তৈরির কাজ চলছে। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে দেখা যায়। কারখানাটিতে কোনো ব্যানার বা সাইনবোর্ড চোখে পড়েনি। শ্রমিকদেরও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, টায়ার পোড়ানোর কালো ধোঁয়া ও দুর্গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও কালি বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে পড়ছে। এতে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। একই সঙ্গে ফসল ও কৃষিজমির ক্ষতিরও অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।

কারখানাটির প্রায় ১০০ গজ দূরে রয়েছে মঞ্জিলার দরগাহ দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসার দায়িত্বশীল এক ব্যক্তি বলেন, কারখানার দুর্গন্ধ মাদরাসা পর্যন্ত পৌঁছায়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে।

স্থানীয় এক কৃষক বলেন, কারখানার পাশেই তার আবাদি জমি রয়েছে। কারখানার কারণে ফসলের ক্ষতি হচ্ছে বলে দাবি করে তিনি এটি বন্ধের দাবি জানান।

অভিযোগের বিষয়ে কারখানার মালিক শামিম মণ্ডল বলেন, আমি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই কারখানা দিয়েছি। এখন ব্যবসার অবস্থা খারাপ, বেশিরভাগ সময় কারখানা বন্ধ থাকে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্‌ আল বাকিউল বারী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার বলেন, ‘পীরগঞ্জে এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে আমাদের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন