পুলিশের সামনে শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

পুলিশের সামনে শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে দুই শিবির নেতা আহত হয়েছেন এবং একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি।

রোববার দুপুরে রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আহতরা হলেন— রাজারহাট উপজেলা পশ্চিম থানা ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া এবং কুড়িগ্রাম জেলা স্কুল বিভাগের বাইতুল মাল সম্পাদক সামিদ সাকি মাহিন। তাদের বাড়ি যথাক্রমে ঘড়িয়ালডাঙা ও চাকিরপশার ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট ও মন্তব্য এবং এক শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকে অবরুদ্ধ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ে কথা বলতে শিবির নেতা সুজন ও মাহিন ঘটনাস্থলে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারি, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন।

আহত শিবির নেতা মাহিন অভিযোগ করে বলেন, “আগে থেকেই দেশীয় অস্ত্র নিয়ে থাকা ছাত্রদল নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সুজন ভাইয়ের মাথা ফেটে যায়। ঘটনাস্থলে চারজন পুলিশ সদস্য থাকলেও তারা কোনো সহযোগিতা করেনি।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারি বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শিবির নেতারা উত্তেজনা সৃষ্টি করে। পরে উত্তেজিত হয়ে আমাদের কর্মীরা তাদের মারধর করে।”

এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, “ফেসবুক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন