রংপুরের তারাগঞ্জ উপজেলায় টানা তিনদিনের ভারী বৃষ্টিতে বোরো ধান ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ধান কাটার মৌসুম হওয়ায় এ যেনো কৃষকদের জন্য চরম বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। শুধু ধান নয়, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পটল, চিচিংগা, ঢেঁড়স করলা, বরবটিসহ গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। জমি পানিতে ডুবে যাওয়ায় অনেক চাষি বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে মাত্র ৩০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বাকি ৭০ শতাংশ ধান এখনো মাঠে পড়ে আছে এবং টানা বৃষ্টির কারণে তা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কুর্শা, সয়ার, ইকরচালী ও আলমপুর এলাকায় ধান পেকে গেলেও কাদা-পানির কারণে কাটা সম্ভব হচ্ছে না। শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কৃষক আব্দুল হালিম বলেন, আগেই শ্রমিক পাওয়া কঠিন ছিল। এখন আবার টানা বৃষ্টিতে যারা আসে, তারাও কাজ করতে পারছে না। ধান পেকে গেছে, কিন্তু কাটার কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
দিনমজুর তহিরুল ইসলাম জানান, এই সময়ে ধান কেটে যা রোজগার করি, তাই দিয়ে সংসার চলে। এখন কাজ নেই, পরিবারের খরচ চালানো কষ্টকর হয়ে গেছে।
তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস জানিয়েছে, সবজির ক্ষেত থেকে পানি দ্রুত নিষ্কাষণের জন্য সেচ ব্যবস্থার পরামর্শ দেওয়া হচ্ছে।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

