চীনা নাগরিকের চুক্তিভিত্তিক বিয়ের সত্যতা পায়নি পুলিশ

জেলা প্রতিনিধি, নীলফামারী

চীনা নাগরিকের চুক্তিভিত্তিক বিয়ের সত্যতা পায়নি পুলিশ

নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত এক চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে বিয়ের দাবি উঠলেও কোনো সত্যতা পায়নি পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সংগলশী এলাকার বাসিন্দা জুয়েল হোসেনের মেয়ে মাইশা আক্তার জুঁইয়ের সঙ্গে চীনা নাগরিক লিয়াউ জিচুনের পরিচয় হয় কর্মসূত্রে। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।

জানা যায়, ১০ জুন আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেন লিয়াউ জিচুন। নাম রাখা হয় ‘নুর মোহাম্মদ’। পরে ৩ লাখ ২৫১ টাকা দেনমোহর নির্ধারণ করে এবং নগদ ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ১৮ জুন পারিবারিক আয়োজনে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুবক লিটন বলেন, ভালোবেসেই বিয়ে করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কথা বলা হচ্ছে, তার অনেক কিছুই বাস্তবতার সঙ্গে মিল নেই।

এ বিষয়ে কনের পরিবারের এক সদস্য ছলেমান হোসেন বলেন, ফোনে এ বিষয়ে কিছু বলতে চাই না।

সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা জেনেছি, আদালতের হলফনামার মাধ্যমে আইনগতভাবে বিয়ে হয়েছে। ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে বিয়ের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন