কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ও বিকেলে উপজেলার পৃথক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে। বাড়ির পাশের একটি খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে পানি উত্তোলনের চেষ্টা করছিলেন ইউনুছ আলী (৭০) নামের এক বৃদ্ধ।
এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউনুছ আলী মধ্য কাশিপুর গ্রামের বাসিন্দা। তিনি তিন ছেলে সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরের ফুলসাগর আবাসন এলাকার পুকুরে পড়ে যায় দেড় বছর বয়সী শিশু জোবায়ের। সে ওই আবাসনের বাসিন্দা আরমান হোসেনের একমাত্র ছেলে।
পরিবারের সদস্যরা ঘরের ভেতরে শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফুলসাগর আবাসন এলাকার পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান পৃথক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

