নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেমা তাকমিলাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলছে।
বৃহস্পতিবার দুপুরে শহরে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ওব্যাট হেল্পার্স’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
‘সুস্থ মা ও সুস্থ শিশু’ নিশ্চিতকরণে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইউএনওর গাড়ি আগমনের সময় একজন আনসার সদস্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন। সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শিক্ষার্থীরা। গাড়ি থেকে নামার পর তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয়ে ওব্যাট হাই স্কুলের ইনচার্জ মনজুর আলম বলেন, ‘এটি আমাদের একটি নিয়মিত শিক্ষার্থী কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠান ছিল। শিক্ষার্থীদের সড়কে দাঁড় করানোর বিষয়টি অনাকাঙ্ক্ষিত।
ইউএনও ফারাহ তাকমিলা বলেন, ‘শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে ফুল দেওয়া হয়নি। এটি সঠিক নয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি শিক্ষার্থীদের সরিয়ে নিতে বলি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে দায়িত্ববোধ থেকেই উপস্থিত থাকতে হয়।’
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষার্থীদের জনসমক্ষে বা সড়কে দাঁড় করিয়ে আনুষ্ঠানিকতা পালনের বিরুদ্ধে কড়াকড়ি নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

