রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকারের সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি। ইতোমধ্যে দলটি ওই কমিটি বয়কট করেছে। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যও সংবিধান সংশোধন কমিটি বয়কট করেছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-টু-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
আখতার হোসেন বলেন, ‘সেই সংকটে যেন পড়তে না হয়, সেজন্য জাতীয় নাগরিক পার্টি সিদ্ধান্ত নিয়েছে, সরকারের সংবিধান সংশোধনের কমিটিতে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। এনসিপি ওই সংবিধান সংশোধন কমিটিকে বয়কট করেছে। ১১ দলও বয়কট করেছে।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, বিএনপি জনগণের রায়কে ভুলে গিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে কথিত সংবিধান সংশোধনের দিকে অগ্রসর হয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে শুধুমাত্র সংশোধনীর মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনা হয়, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে একটি গুরুতর সাংবিধানিক সংকটে পড়বে।’
গণভোটের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, ‘গণতন্ত্রের আরেকটি বিষয় হলো ভোটাভুটি। জনগণ যাকে রায় দেবে, সেই রায় মেনে নিতে হবে। বাংলাদেশের জনগণ গণভোটে রায় দিয়েছে। সংবিধানে কীভাবে পরিবর্তন হবে, গণভোটের রায়ে জনগণ তা স্পষ্টভাবে বলে দিয়েছে। সংবিধান সম্পর্কিত যেকোনো পরিবর্তন, যেকোনো সিদ্ধান্ত সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গ্রহণ করতে হবে।’
রংপুরের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকার একদিকে রংপুরকে বরাদ্দ দেবে না, বরাদ্দের নামে বৈষম্য করবে; অন্যদিকে সেই বৈষম্যের সাফাই গাইবে। রংপুরের মানুষ বিরোধী দলকে ভোট দেয় বলে তারা কীভাবে উন্নত হবে—এটি গণতন্ত্রের কথা হতে পারে না।
তিনি বলেন, ‘ভিন্নমত থাকবে। কেউ সরকারি দলকে ভোট দেবে, কেউ বিরোধী দলকে ভোট দেবে। কিন্তু জনগণের অধিকার হরণ করা যাবে না। বাজেটে কোনো বৈষম্য করা যাবে না।’
দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে আখতার হোসেন বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকারকে সুরক্ষা করার জন্য যদি এ দেশের মানুষকে আবারও রাজপথে নামতে হয়, আপনাদের সঙ্গে নিয়ে নতুনের বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

