প্রধানমন্ত্রীর সফরের আগে বালু দিয়ে ঢেকে দেওয়া হলো ময়লার স্তূপ

প্রধানমন্ত্রীর সফরের আগে বালু দিয়ে ঢেকে দেওয়া হলো ময়লার স্তূপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর সাজসাজ রব বিরাজ করছে। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে থাকা ময়লার ভাগাড় বালুচাপা দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া সড়ক সংস্কার, ডিভাইডারে রঙ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে শহরজুড়ে। স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে দাবি জানিয়েও যে দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি, ভিআইপি সফরের কারণে তা ঢাকতেই এই তড়িঘড়ি আয়োজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। বেলা ১১টায় পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করে রংপুরে যাবেন বলেই চারদিকে চলছে ধোয়া-মোছা ও সাজসজ্জার কাজ।

বিজ্ঞাপন
58e6f9d5-d64b-478a-b431-86a2a9cedfd5

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বাসাবাড়ি, হাসপাতাল ও হোটেলের বর্জ্য উন্মুক্ত অবস্থায় এই স্থানে ফেলা হয়। দীর্ঘদিনের এই স্তূপ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের যাতায়াত করাই দুষ্কর হয়ে পড়েছিল। এটি স্থায়ীভাবে অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তারা। আমাদের দাবি, শুধু প্রধানমন্ত্রীর সফরের জন্য লোকদেখানো পরিষ্কার না করে, সাধারণ মানুষের স্বার্থে এই পরিচ্ছন্নতা যেন সবসময় বজায় রাখা হয়।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওই সড়ক দিয়ে রংপুরে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে প্রোটোকল রক্ষা ও শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গার ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। সড়ক সংস্কার ও ডিভাইডারগুলো রঙ করার পাশাপাশি বর্জ্যের স্তূপগুলো বালু দিয়ে ঢেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে। গত রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশের সেই ময়লার ভাগাড় আগের মতো নেই। ময়লার স্তূপের ওপর থেকে কিছু ময়লা অপসারণ করে বালুচাপা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে এলাকাটি পরিচ্ছন্ন দেখাচ্ছে। আগে পথচারীসহ সড়ক ব্যবহারকারীরা দুর্গন্ধে নাক চেপে চলাচল করলেও এখন স্বাচ্ছন্দ্যেই চলাচল করতে পারছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন