ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, "সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করছে। সরকার যদি শক্তিশালী হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না বা তারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস করত না।"
শনিবার বিকেলে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা বৈষম্য দূর করার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবচিত্র হলো-সেই বৈষম্য এখন আরও বৃদ্ধি পেয়েছে। যে দাবির জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দাবি আজও অধরা।”
তিনি বলেন, “আমরা চাই দেশে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন হোক। এতে করে সংসদে সকল দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে, একক দলের আধিপত্য থাকবে না। এর ফলে নতুন করে কোনো স্বৈরাচার জন্মের সুযোগ সৃষ্টি হবে না এবং জনগণকে নিজেদের দাবি আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হবে না।"
বক্তব্যের শেষে তিনি কুড়িগ্রাম-৪ আসনে 'হাত পাখা' প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাও: নুর বখত্ মিয়া, চর রাজিবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

