আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের তৈরি করতে হবে: এলজিআরডি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

দেশে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের তৈরি করতে হবে: এলজিআরডি মন্ত্রী
ছবি: আমার দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বর্তমানে সবচেয়ে বেশি সংকটে রয়েছে। তিনি বলেন, শুধু বিএ-এমএ পাশ করিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, বরং ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঠাকুরগাঁও জেলার শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, “এমপিওভুক্ত স্কুল-কলেজগুলোতে আমরা কী ধরনের প্রোডাক্ট তৈরি করছি, সেটি আমাদের ভাবতে হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানে ফান্ডিং কমিয়ে ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, অনেক তরুণ বিদেশে যেতে চাইলেও ভয় ও অর্থ সংকটের কারণে যেতে পারছে না। তাই দেশে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, ঠাকুরগাঁও কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ওপর ভিত্তি করে শিল্পকারখানা স্থাপন করলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং মানুষের আয় বাড়বে।

মন্ত্রী ব্যাংকিং খাতে সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে বলেন, “সুদ কমানো না গেলে বিনিয়োগ বাড়ানো কঠিন হয়ে পড়বে।”

তিনি স্থানীয় জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই এলাকার মানুষ ঝুঁকি নিতে চায় না। এখন সময় এসেছে জেগে ওঠার। নতুন পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সভায় ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের আয় বৃদ্ধি ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...