গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে দিন-দুপুরে তরিকুল ইসলাম নামে একজন পল্লিচিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বজনরা উৎকণ্ঠায় সময় পার করছেন।
শনিবার রাত ১১টা পর্যন্ত অপহৃতকে উদ্ধার করা যায়নি। গত শুক্রবার বিকালে উপজেলার ভাতগ্রামের হাতিচামটার ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত তরিকুল ইসলাম ওই
ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, তরিকুল ইসলাম পেশায় পল্লিচিকিৎসক। স্থানীয় ভাতগ্রাম বাজারে তার ওষুধের দোকান আছে। গত শুক্রবার বিকালে তরিকুল ইসলাম মোটরসাইকেলযোগে তার দোকানে যাচ্ছিলেন। পথে ভাতগ্রামের হাতিচামটার ব্র্রিজের ওপর ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে পথরোধ করে। এ সময় তাকে মারধর করে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। তখন থেকে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে তরিকুল ইসলামের ছোট ভাই হিরু মিয়া জানান, ব্যবসা নিয়ে স্বার্থন্বেষী কিছু লোক আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছে। এরই জের ধরে শুক্রবার বিকালে তরিকুল ইসলামকে অপহরণ করেছে তারা। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত তাকে উদ্ধারের দাবি করেন স্বজনরা।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার অপহরণ ও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রস্তুতি চলছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। ঘটনার সময়ের ভিডিও দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে বলে জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক তরিকুল ইসলামকে টেনেহিঁচড়ে অটোভ্যানে তুলছেন। তার পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ভ্যানে তোলার পর কেউ দাঁড়িয়ে, কেউ বসে তাকে ধরে আছেন। এ সময় আশপাশের কয়েকজন ঘটনাটি দেখতে থাকেন। তরিকুল তাদের সাহায্য চাইলেও সবাই দাঁড়িয়ে ছিলেন। একজন ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

