বিশেষ সেবা কার্যক্রম

রংপুরে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পেনশন প্রশিক্ষণ

রংপুর অফিস

রংপুরে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পেনশন প্রশিক্ষণ

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ সেবা কার্যক্রম। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রংপুর সরকারি কলেজে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের নিয়ে পেনশন সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেনশন প্রক্রিয়া সহজীকরণ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণ এবং দ্রুত পেনশন নিষ্পত্তির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) মোহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা পেনশনে যাবেন, তাদেরকে আগে থেকেই প্রয়োজনীয় বিষয়ে সচেতন করা। একটি পেনশন কেস যত সঠিকভাবে প্রস্তুত করা যাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন যত ভালো হবে, তত দ্রুত সেটি নিষ্পত্তি করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, অনেক সময় নির্ধারিত ফরম সঠিকভাবে পূরণ না করা বা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকার কারণে পেনশন কেস ফেরত আসে। ফলে নতুন করে সংশোধন করে জমা দিতে গিয়ে সময়ক্ষেপণ হয়।

মোহাম্মদ শাহজাহান বলেন, “আমরা চাই চাকরিরত অবস্থাতেই কর্মকর্তা-কর্মচারীরা যেন জানতে পারেন পেনশন কেস কীভাবে প্রস্তুত করতে হয়, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন, অনুমোদন কীভাবে নিতে হয়, এলপিসি ও বিভাগীয় মঞ্জুরি কীভাবে সংগ্রহ করতে হয়। এসব বিষয়ে সঠিক ধারণা থাকলে পেনশন কেস আর ফেরত আসবে না এবং দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।”

তিনি জানান, ১১ মে থেকে ১৯ মে পর্যন্ত এ বিশেষ সেবা কার্যক্রম চলবে। এ সময় পেনশন, লাইফ ভেরিফিকেশন, জিপিএফ ও আইবাসসহ বিভিন্ন সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, “আমরা সারা বছর সিটিজেন চার্টার অনুযায়ী সেবা দিয়ে থাকি। তবে বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে আরও আন্তরিক ও দ্রুত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সরকারি সেবাকে জনবান্ধব ও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা জানান, পেনশন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতা কমাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। তারা বলেন, আগে থেকেই প্রয়োজনীয় বিষয়গুলো জানা থাকলে অবসরের পর হয়রানি অনেকাংশে কমে যাবে।

সেবাগ্রহীতাদের মতে, বিশেষ সেবা কার্যক্রম সরকারি সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...