রংপুর র্যাব-১৩ পৃথক অভিযানে একটি চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি এবং এক মাদক কারবারি গ্রেপ্তারকরেছে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে শিশু ধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন সাগর এবং কুড়িগ্রাম থেকে ৯৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ নুর ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, রংপুরের পীরগাছা উপজেলার একটি কোচিং সেন্টারে ৯ বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কোচিং সেন্টারের মালিক দেলোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুর মা পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, কোচিং সেন্টারে পড়াশোনা শেষে অন্য শিক্ষার্থীদের বের করে দিয়ে ভুক্তভোগী শিশুকে দিয়ে কক্ষ পরিষ্কার করানো হতো। সেই সুযোগে অভিযুক্ত সাগর একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৯ এপ্রিল কোচিং সেন্টারে ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন দেলোয়ার হোসেন সাগর। পরে র্যাব-১৩ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার রূপজান টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে একই দিনে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাড়াইতাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুর ইসলামকে ৯৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। র্যাব জানায়, নুর ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় যুবকদের কাছে সরবরাহ করতেন। এছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

