আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভ্যানে ভ্যানে কেন্দ্রমুখী নারী ভোটাররা

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ভ্যানে ভ্যানে কেন্দ্রমুখী নারী ভোটাররা
ছবি: আমার দেশ

নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার ৭৮টি কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ব্যাপকহারে বেড়েছে। বিশেষ করে নারী ভোটাররা ভ্যানে ভ্যানে ছুটছে ভোটকেন্দ্রের দিকে। এ দৃশ্য উপজেলার বেশ কটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে।

বহুদিন পর ভোট কেন্দ্রের দিকে ভোটাররা উৎসবের আমেজে ভোট প্রদানে ছুটছে। ভোট কেন্দ্রের বাহিরে উৎসব উৎসব আমেজ।

বিজ্ঞাপন

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে প্রশাসন সজাগ রয়েছে। প্রচার শেষে বৃহস্পতিবার ভোটের দিন ভোটাররা সকাল হতে ভোট কেন্দ্রের দিকে ছুটছে।

সরকারিভাবে ছুটি পাওয়ায় কিশোরগঞ্জ উপজেলার নারী ভোটাররা যারা বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কর্মরত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নারী, বিভিন্ন স্থানে বিয়ে হওয়ার সুবাদে বসবাসরত নারীরা ভোটস্থান এলাকায় এসে উৎসব মূখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রের সামনে দেখা গেছে ভ্যানে ভ্যানে দল বেঁধে নারী ছুটছে ভোট কেন্দ্রে।

এ যেন নারী বিপ্লব। এছাড়া এবার ভোটে নারীদের প্রচার করতেও দেখা গেছে। যেন পরিবারসহ সামিল হয়েছে ভোট উৎসবে। দৃশ্যপট দেখে মনে হচ্ছে নারীদের মিলন মেলা।

সরেজমিনে দেখা যায়, পুঁটিমারী, বড়ভিটা, গাড়াগ্রাম, মাগুড়া ও কিশোরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে ভ্যানে ভ্যানে নারীরা কেন্দ্রের দিকে যাচ্ছে।

এ সময় ঢাকায় বসবাসরত শোভা জানান, অনেক দিন পর স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছি। পরিবারের সকলেই মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলাম।

ঢাকায় কর্মরত সাফি জানান, অনেক দিন ভোট দিতে পারিনি। এবার পরিবারসহ এসেছি। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছি। এলাকায় ভোট দেওয়ার অনুরোধও করেছি।

ডা. ইমতিয়াজ বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ভোটের অধিকার ছিল না। ভোট দেওয়ার জন্য সুদূর ঢাকা থেকে এসেছি। জুলাইয়ের চেতনা যাতে নষ্ট না হয়, সেজন্য ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেওয়ার কথা এলাকাবাসীকে বলেছি। এছাড়া এবারের ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো।

উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী সরকার জানান, দুপুর ১২টা পযর্ন্ত ৭৮ কেন্দ্রের গড় হিসেবে ৩৭.৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে নারী ভোটার সংখ্যা বেশি।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী। তাদের তৎপরতার প্রশংসাও করেছে নারী ভোটাররা।

উপজেলার ৭৮ কেন্দ্রের ৪১৯টি ভোট কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ ২২ হাজার ৫৫২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১১ হাজার ৬৫৫, মহিলা ভোটার-১ লক্ষ ১০ হাজার ৮৯৬, হিজড়া ভোটার ১ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন