রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গরুর ভূষি তৈরির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়া, বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের খালি মোড়কসহ সার ও ভূষি তৈরির বিপুল পরিমাণ উপকরণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে গোডাউনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসার ডারা বাজারে অবস্থিত মেসার্স মোখলেছুর ট্রেডার্সের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মাইদুল ইসলাম বাবু।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সহকারী পুলিশ সুপার রাসেল রানা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোডাউনটিতে বিভিন্ন কোম্পানির অসংখ্য খালি মোড়কের পাশাপাশি সার ও ভূষি তৈরির এক হাজার ১০০ বস্তার বেশি উপকরণ পাওয়া গেছে। এসব উপকরণের মধ্যে রয়েছে মাটিভর্তি বস্তা, ডিমের খোসা, ভুট্টার ছোলা, ইটের গুঁড়া, ধানের গুঁড়া, চুন, ময়দা ও অন্যান্য সামগ্রী।
এসব উপকরণ ব্যবহার করে নকল সার, কীটনাশক ও গরুর ভূষি তৈরি করা হতো কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধার করা উপকরণ পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “আমরা যে উপকরণগুলো পেয়েছি, সেগুলো পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হবে। পরীক্ষার ফল পাওয়ার পর বোঝা যাবে, সেগুলো আসল না নকল। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সেখানে নকল পণ্য তৈরি করা হচ্ছিল।”
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। সেখানে ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়া এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের খালি প্যাকেটসহ নানা উপকরণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো দিয়ে সার, কীটনাশক ও ভূষি তৈরি করা হতো।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

