‘নির্বাচন দিতে দেরি হলে ফ্যাসিস্টরা আবারও সংঘটিত হবে’

‘নির্বাচন দিতে দেরি হলে ফ্যাসিস্টরা আবারও সংঘটিত হবে’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদ আমহেদ তালুকদার বলেছেন, জাতীয় নির্বাচন দিতে দেরি হলে ফ্যাসিস্ট-স্বৈরাচাররা আবারও সংঘটিত হবে। এ কারণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও নির্বাচনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে সরকার গঠন করবো।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মাসুদ তালুকদার বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। দলটি অনির্বাচিত সরকারের অংশীদার হতে চায় না বলেই এই সরকারকে সমর্থন করেছিল।

তিনি বলেন, বিএনপির হাজারও নেতাকর্মীকে গুম করেছিল ফ্যাসিস্ট সরকার। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে মানুষ নিজেদের মতো করে ভোট দিতে পারবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিঞা, এজেডএম রেজওয়ানুল হক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন