পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে একটি ধানক্ষেত থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতের দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত বিপুল চন্দ্র বর্মন (৪২) উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার পর রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সংযোগ সড়কের উত্তর দিকে প্রায় ২০ গজ দূরে একটি ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পাশেই একটি চার্জার ভ্যান পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত ভ্যানটি বিপুল চন্দ্র বর্মনেরই। এ ছাড়া দুর্ঘটনাস্থলের চারপাশের ধানগাছ মোচড়ানো ও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পূর্বে সেখানে প্রচণ্ড ধস্তাধস্তির ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, বিষয়টি নিয়ে নিবিড় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ ও এই ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় উন্মোচন করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন