গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন (৩৮) ও উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল মমিন শেখ রুবেলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিএনপি এবং জামায়াতে ইসলামীর গোবিন্দগঞ্জ উপজেলা দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে। এ মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সুমন পৌর এলাকার চাঁদপুর খলশী গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে এবং রুবেল কোচাশহর ইউনিয়নের সিংগা গ্রামের নজমল শেখের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আমার দেশকে জানান, গ্রেপ্তারকৃত সুমন ও রুবেলকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

