২০ টাকা দাম বাড়ার খবরে রংপুরে পাম্পে হুড়োহুড়ি

২০ টাকা দাম বাড়ার খবরে রংপুরে পাম্পে হুড়োহুড়ি
২০ টাকা দাম বাড়ার খবরে রংপুরে পাম্পে হুড়োহুড়ি। ছবি: আমার দেশ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারির পরে রংপুর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। নতুন দাম কার্যকর হওয়ার আগেই কম দামে তেল নিতে রোববার রাতে পাম্প গুলোতে ভিড় করে সাধারণ মানুষ। অন্যদিকের দাম বাড়ার খবর শোনার পরপর এই বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ করেন মালিক কর্তৃপক্ষ।

রোববার রাতে নগরীর সিটি ফিলিং স্টেশন, সুরমা পাম্প, ছালেক পাম্প, ইউনিক ট্রেডার্সসহ বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

নগরীর ধাপ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সিফাত বলেন, এক লাফে লিটারে জ্বালানি তেলের ২০ টাকা দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে ভিড় বেড়েছে। তিনি রাত ১২টার আগে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যান।

সিটি ফিলিং স্টেশনে রাত সাড়ে ১১টার দিকে তেল নিতে আসা আসাদুজ্জামান বাপ্পা বলেন, ফেসবুকে তেলের দাম বাড়ার খবর দেখে তিনি পাম্পে এসেছেন।

আরেক ক্রেতা আব্দুর রশিদ জীবন। তিনি সাধারণত ২০০ থেকে ৩০০ টাকার তেল নেন। কিন্তু পাম্পে ভিড় দেখে এবার এক হাজার টাকার তেল নিয়েছেন। তেলের দাম বাড়ার কথা মানুষের মুখে শুনেই তিনি পাম্পে এসেছেন বলে জানান।

সিটি ফিলিং স্টেশনের কর্মচারী হযরত আলী বলেন, দিনের বেলায় পাম্পে তেমন ভিড় ছিল না। রাত ৯টার পর হঠাৎ করে মানুষের চাপ বাড়তে শুরু করে। দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ায় তেলের চাহিদাও বেড়ে যায়।

এদিকে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর করে। পাম্পের মেশিনে নতুন দাম নির্ধারণ করে সেই অনুযায়ী জ্বালানি তেল বিক্রি শুরু করেন সিটি ফিলিং স্টেশন কর্মকর্তারা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে নতুন এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন