বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
খাদে পড়া মাইক্রোবাস

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সি ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারে বিয়ে হয়। বিয়ে শেষে কনেকে নিয়ে বরযাত্রীসহ প্রায় ১৫ জন একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন।

পথে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতেই ১৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন