আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তর্কের জেরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করছিলেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ সময় তারা জামায়াতের সংসদ সদস্যদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে সমালোচনা করলে সেখানে উপস্থিত নেকমরদ ইউনিয়নের ওয়ার্ড জামায়াত সভাপতি আক্তার হোসেন প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বিএনপি নেতা আরিফুল ইসলাম, ফারুক, রুবেল এবং জামায়াত নেতা আক্তার হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরদিন শনিবার (১৪ মার্চ) বিএনপি নেতা আরিফুল ইসলাম সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে জামায়াত নেতা রবিউল ইসলাম পাঁচজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

পুলিশ হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা আক্তারুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, জামায়াতের লোকজন বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে এবং মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। আহত একজনের মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে। বিষয়টি দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে জেলা জামায়াতে ইসলামীর প্রেস সেক্রেটারি শাহাজালাল জুয়েল বলেন, আমাদের কর্মীর মাথা ফেটে ১০টি সেলাই হয়েছে। এরপরও তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে, যা অমানবিক।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, উভয় পক্ষই থানায় মামলা করেছে। একজনকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...