অপকর্মে বিএনপি আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

অপকর্মে বিএনপি আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেছেন, “অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে।” তিনি বলেন, বিএনপির দেশব্যাপী হত্যাকাণ্ড জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “বিএনপির নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতাকর্মী খুন হয়েছেন। এই আন্তঃকোন্দলের কারণে হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।”

এর আগে হেলিকপ্টারযোগে সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি। পরে তিনি বোনারপাড়া সরকারি কবরস্থানে গিয়ে নিহত সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে তিনি সাইফুল্লাহ বারীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি আহত জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের আর্থিক সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মন্ডলসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। একই ঘটনায় আহত জামায়াত কর্মী সালাউদ্দিন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন