রংপুরের তারাগঞ্জে এক ইরানি দম্পতিকে মারধর করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতি ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী জানান, সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনি-রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে যায়। ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন তারা।
ইরানি দম্পতি সেনা সদস্যদের জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে এসেছেন। বিদেশি হওয়ায় গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। তখন তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
সেনাবাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। পরে তারা তল্লাশি করে ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ওই দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইরানি দম্পতিকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়া হয়েছে। তাদের ছিনতাই হওয়া জিনিসপত্র সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

