ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটারদের মাঝে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরণের দায়ে জাতীয় পার্টির ২ নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর এ জরিমানা করেন।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের গোডাউন ঘরে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন। তাকে দেখে ভোটাররা পালিয়ে যান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসালে ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন টাকা বিতরণের কথা স্বীকার করে ক্ষমা চান। আদালত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২৭ ধারা মোতাবেক আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন এম ইশফাকুল কবীর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

