ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় টাঙ্গন নদীর ওপর নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন চেরকুঘাট সেতু । চলাচলের জন্য অনুষ্ঠানিকভাবে সেতুটি উম্মুক্ত করে দেওয়া না হলেও সেতুটিকে ঘিরে ১৭টি গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি । সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। চলতি মাসেই তা চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। আমরা চাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম এ সেতুর শুভ উদ্বোধন করবেন। আশা করছি চলতি মাসেই সেতুটি জনগণের চলাচলেল জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।
দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হলে শুধু সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতিই হবে না, এলাকার মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকেও আরো গতিশীল করবে। এমনটাই মনে করেন এলাকাবাসী। সেতুটি চালু হলে এ অঞ্চলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতসহ যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটবে।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার বুক চিরে প্রবাহিত টাঙ্গন নদী কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের শালগড়া, ডাঙ্গীপাড়াসহ ১৭টি গ্রামকে উপজেলা ও জেলা সদরের সঙ্গে বিভক্ত করেছে। সড়ক পথে ঐসব গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করতে ২০১৮ সালে ভামদা গ্রামে নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৬০ মিটার দীর্ঘ চেরকুঘাট সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরই মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নদী পাড়ের মানুষের মাঝে। সবুজ মাঠের মাঝে দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সি মানুষ। গড়ে উঠেছে অস্থায়ী দোকান পাটও।
শিক্ষক ওয়ালিউর রহমান মিঠু ও সাইফুল ইসলাম জানান, নদীর পূর্বপাড়ের মানুষের দীর্ঘদিনে আকাঙ্ক্ষা ছিল চেরকুঘাট ব্রিজ। এটা হয়েছে। এলাকার মানুষ চরম খুশি। গ্রামীণ পরিবেশে এমন একটা দৃষ্টিনন্দন ব্রিজ এলাকায় এরই মধ্যে বেশ কিছু অস্থায়ী দোকান পাট বসেছে। বসানো হয়েছে দোলনাসহ বিভিন্ন প্রকার খেলার রাইড। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছেন।
কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা চেরকুঘাট সেতু নির্মাণ হয়েছ । ফলে ১৭ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হবে। উপজেলা ও জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা সহজ হবে। সেতু এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সেখানে দুইজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেতু নির্মাণকাজ করা হয়েছে। ভালো মানের রড, সিমেন্ট এবং ব্লাক স্টোন ব্যবহার করা হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, ২০১৮ সালে সংসদ সদস্য থাকাকালে তিনি এ ব্রিজের অর্থ বরাদ্দ করিয়ে ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

