সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ

সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ

ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ, দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, পাচারকৃত অর্থ উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’। বৃহস্পতিবার সকালে শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার কার্যালয়ের সামনে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের স্থানীয় বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম, আব্দুস সালামসহ অন্যান্য ব্যক্তি বক্তব্য রাখেন।

সমাবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করে বক্তারা বলেন, দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হয়ে গেলেও তিনি একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, চলমান মামলার অগ্রগতি এবং প্রশাসকের আওতাধীন বিভিন্ন জটিল বিষয়ের কার্যকর সমাধান দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এ সময় তারা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তারা এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করে ব্যাংকের মূল উদ্যোক্তাদের কাছে মালিকানা হস্তান্তর এবং সংস্থায় সুশাসন নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে চাকরি থেকে বহিষ্কারের দাবি তোলেন আন্দোলনকারীরা।

গ্রাহক ফোরামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে দেশের বিপুলসংখ্যক মানুষের আমানত ও সামগ্রিক আর্থিক নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। তাই ব্যাংক পরিচালনায় দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা না রেখে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা অপরিহার্য। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন ও কার্যক্রম আরও শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন