দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ বাড়ি থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের লিচুপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম ও তার ছয় বছর বয়সী মেয়ে মরিয়ম। লাকি পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চকযামেনী কাজীপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সাত বছর আগে লাকিকে বিয়ে করেন মহরম। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ করেন স্বামী। এরই জেরে তাদের পারিবারিক কলহ চলছিল। আজ সকালে প্রথম স্ত্রীর মেয়েকে ঈদের উপহার দিতে যান মহরম। বাড়ি ফিরে দেখেন স্ত্রী-মেয়ে মারা গেছেন।
এদিকে, লাকির পরকীয়া সম্পর্ক নিয়ে আজ রাতে সালিশ হওয়ার কথা ছিল। এতে লোকলজ্জায় মুখ দেখানোর ভয়ে মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
নিহতের মা মঞ্জিলা বেগম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন মহরম। একই সঙ্গে বলেন- ‘আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম। ওই সময় পাশ থেকে মেয়ে বলে- মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে।’ তখন মেয়েকে বলি যা কিছু হোক বাড়ি থেকে কোথাও যাবি না। ইফতারের পর তোর ভাই তোদের ওখানে যাবে। তার কিছুক্ষণ পর খবর আসে লাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

