কথা বললেই শুরু হয় বাক স্বাধীনতার বিরুদ্ধে আটক: সারজিস আলম

কথা বললেই শুরু হয় বাক স্বাধীনতার বিরুদ্ধে আটক: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছিলেন। কিন্তু এখন কথা বললেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আটক করা হচ্ছে। তিনি বলেন, ‘এই নাটক বন্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-টু-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন বাংলাদেশে বাক স্বাধীনতা দেওয়া হবে। নির্বাচনের আগে বাক স্বাধীনতার নাটক করা হয়েছে। এখন একটি কথা বললেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আটক শুরু হয়। তিনি বলেন, ‘আমরা তারেক রহমানকে বলতে চাই, এই নাটক আপনাকে বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একশ পঞ্চাশ টাকার খাবারের নাটক আর করবেন না। শুধু ফ্যামিলি কার্ড ছাপাতে গিয়ে ২৫০ কোটি টাকা আপনারা লুটপাট করেছেন।’

আগামীর বাংলাদেশে জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে তার বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, ‘আমাদের সঙ্গে প্রতারণা করা হলে আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।’

রংপুর অঞ্চলের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে এর কোনো কিছু দেখা যাচ্ছে না। রংপুর বিভাগ দিনে দিনে বৈষম্যের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়কে আমরা পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, পঞ্চগড় থেকে গাইবান্ধা—আটটি জেলার কোটি মানুষের অসুস্থ হওয়ার পর একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী ভর্তি থাকলেও সিট রয়েছে মাত্র ৬০০টি।

তিনি বলেন, ‘আমার এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে হাসপাতাল বলা যায় না। এটাকে ফিলিস্তিনের শরণার্থী শিবিরের সঙ্গে তুলনা করলেও কম হয়ে যায়।’

রংপুরের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, ‘বিএনপি যায়, আওয়ামী লীগ যায়। ওই ব্রিটিশ আমলের এই রংপুর বিভাগের রংপুর শহরে যা অবকাঠামো ছিল, এর পরে আর রংপুরে কিছু তৈরি হয় না।’

সবশেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমান জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে আপনার পার্টি বিএনপিকে বাংলাদেশের মানুষ নাফরমান পার্টি হিসেবে ডাকা শুরু করবে, ইনশাআল্লাহ।’

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন