বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

উপজেলা প্রতিনিধি, (বিরামপুর) দিনাজপুর

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হলে পিক-আপের ধাক্কায় পিষ্ট হয়ে হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাঈম হোসেন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হাসান হোসেন পৌরশহরের থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে। নিহত হাসান ২০২৫ সালে বিরামপুর আমানুল্লাহ বিদ্যানিকেতন থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার বেলা এগারোটার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধ শহরে ঘুরতে বের হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় আসলে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিক-আপের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহত যুবকের মাথায়, বুকে ও কোমরে গুরুত্বর আঘাতেই মৃত্যু হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন