দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের ডায়ালাইসিস ইউনিটে রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জার্মানির তৈরি অত্যাধুনিক বি. ব্রাউ হেমোডায়ালাইসিসের নতুন ৩টি মেশিন উদ্বোধন করা হয়েছে।
বুধবার জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ডায়ালাইসিস মেশিনগুলোর উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, “জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের হৃদরোগ ও কিডনি রোগীদের বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। নতুন এই অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে কিডনি রোগীরা আরও সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।” তিনি হাসপাতাল কর্তৃপক্ষের জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আধুনিক প্রযুক্তির ডায়ালাইসিস মেশিন সংযোজন রোগীদের জন্য সময়োপযোগী উদ্যোগ। নতুন মেশিনগুলোর মাধ্যমে অধিক সংখ্যক রোগীকে নিরাপদ, কার্যকর ও আন্তর্জাতিক মানের ডায়ালাইসিস সেবা প্রদান সম্ভব হবে।
উল্লেখ্য, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস উত্তরবঙ্গের অন্যতম সুপরিচিত কিডনি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। জার্মানির তৈরি অত্যাধুনিক বি. ব্রাউন হেমোডায়ালাইসিস-এর ৩টি নতুন মেশিন সংযোজনের ফলে দিনাজপুরসহ আশপাশের জেলার দরিদ্র ও দূর-দূরান্ত থেকে আগত কিডনি রোগীদের উন্নত ও মানসম্মত ডায়ালাইসিস সেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

