বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে নীলফামারী-১ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে দেশ’। কিন্তু তাদের কর্মকাণ্ডে এখন আমরা দেখছি সবার আগে দেশ নয়, সবার আগে বিএনপি।”
শনিবার রাতে জামায়াতে ইসলামীর নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সাত্তার আরও বলেন, নতুন সরকার গঠনের পর বাংলাদেশের জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা করেছিল। মানুষ মনে করেছিল বৈষম্য দূর হবে, দেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হবে। কিন্তু দুঃখের বিষয়, তা হয়নি।
ইটাখোলা ইউনিয়ন জামায়াতের আমির নূর ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, সেক্রেটারি হামিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নায়েবে আমির মোহাম্মদ মুছা প্রমুখ।
কর্মী সমাবেশ শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম রব্বানী সরকারের নাম ঘোষণা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

