বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম কৃষকদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উন্নতমানের ধানবীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি চালু রাখতে হবে।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সময়মতো সঠিক উপকরণ পেলে কৃষকেরা অধিক ফলন নিশ্চিত করতে পারবেন।
তিনি আরও বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃষকদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, কাজী হুদাসহ অন্য নেতারা।
অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছয়জন প্রতিবন্ধীর মধ্যে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
পরে ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত বেসরকারি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি এতিমখানায় মোট ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার প্রথম কিস্তির চেক বিতরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

