নীলফামারীর সৈয়দপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় স্বামী, স্ত্রী ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার নিজ বাসা থেকে সৈয়দপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ওই এলাকার কামাল হোসেনের বড় ছেলে মো. শাকির রানা (৩০), তার স্ত্রী মোছা. মাহিনা ইসলাম শাম্মী (২৫) এবং ছোট ছেলে মো. সুজন (২৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজ ব্যবহার করে এক কিশোরীর বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৭)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর বাবার দায়ের করা সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নীলফামারী আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

