রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।
সফরকালে বিভাগীয় কমিশনার প্রথমে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তার কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শহীদ আবু সাঈদ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। নিজের বুকের রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সার্থকতার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের উচিত শহীদ আবু সাঈদের জীবন থেকে সাহস ও শিক্ষা গ্রহণ করা। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার সাহসী অবস্থান তরুণদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন বিভাগীয় কমিশনার। তার এ উদ্যোগ শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ ও তার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সফরকালে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসকের কর্মকর্তা ইসরাত জাহান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

