পীরগাছা উপজেলায় র্যাব-১৩-এর বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র নিয়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার বকশী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ‘মতিয়ার এন্ড মুনতাসির ভ্যারাইটিস স্টোর’-এর সামনে অবস্থান নেয় এবং সন্দেহভাজন হিসেবে দুই নারীকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার সাবিনা ইয়াসমিন (৪২) এবং বগুড়ার শেরপুর উপজেলার মোছাঃ মেরিনা বেগম (৪০)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

