পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর অফিস

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু
ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর–কাচদহ সড়কের টিউটমারী এলাকায় চলন্ত একটি মিশুক (অটোরিকশা)-এর ওপর সড়কের পাশের একটি শুকনো গাছ ভেঙে পড়ে আব্দুল গফুর (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা এবং ইয়াকুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এক এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে খালাশপীরের উদ্দেশে রওনা হন আব্দুল গফুর। পথে টিউটমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে তার চলন্ত মিশুকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গাছ সরিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, খালাশপীর–কাচদহ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে রয়েছে। এসব গাছ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

এ বিষয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আমরা গাছ সরিয়ে রাস্তা চলাচলের জন্য মুক্ত করে দিয়েছি। মৃত ব্যক্তির বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণেরজন্য থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন