লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো সাতজন। সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক (পাটগ্রাম) থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন আরও অন্তত সাতজন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরো এক ব্যক্তির মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। বাকি দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাতক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা সম্ভব না হলেও তারা সবাই পাটগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। চালক ও ট্রাকটিকে জব্দের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন